বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেতে পারে বিটিএস তারকাকে

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৬:১৩ পিএম

বিশ্বকাপের আয়োজন এশিয়াতে হয়েছে আগেও। তবে মধ্যপ্রাচ্যের আরব দেশে এই প্রথম আয়োজিত হচ্ছে বিশ্ব ফুটবলের মহা এই যজ্ঞ। কাতারের রাজধানী দোহাতেই হচ্ছে বিশ্বকাপের সব খেলা। আগামীকাল রাত ১০টায় স্বাগতিকদের সঙ্গে কাতারের ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিশ্বকাপের। তবে খেলা শুরুর আগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আধ ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিতব্য বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেতে পারে ২০১০ সালে বিশ্ব মাতানো গান ‘ওয়াকা-ওয়াকা’ গানের শিল্পী শাকিরা। এছাড়া বিশ্ব নন্দিত বিটিএস ব্যান্ডের মেইন ভোকালিস্ট জং কুককেও দেখা যেতে পারে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এবং অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আল বায়েত স্টেডিয়ামে। দোহার কেন্দ্র থেকে ৪০ কিলোমিটার দূরে আল খোরে সেই স্টেডিয়াম। ৬০ হাজার দর্শক খেলা দেখতে পারবেন একসঙ্গে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

কারা অনুষ্ঠান অংশ নেবেন, কারা কারা মাতাবেন অনুষ্ঠানের মঞ্চ- সে তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি ফিফার পক্ষ থেকে। তবে কিছু কিছু ইঙ্গিত মিলেছে বিভিন্ন পক্ষ থেকে।

দক্ষিণ কোরিয়ায় বিখ্যাত ব্যান্ড বিটিএস-এর জানকুক পারফর্ম করবেন- এটা আগেই জানা। এছাড়া কলম্বিয়ার গায়িকা শাকিরা, ব্ল্যাক আয়েড পিস, রবি উইলিয়ামস এবং ভারতের নোরা ফতেহির পারফর্ম করার কথা রয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে।

শোনা গিয়েছিল, ব্রিটিশ গায়িকা ডুয়া লিপাও থাকবেন। তবে ডুয়া লিপা নিজেই সেটা অস্বীকার করেছেন। কাতারের পক্ষ থেকে বিশাল অর্থে আমন্ত্রণ জানানো হয়েছিল গায়ক রড স্টুয়ার্টকেও। তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, দেশটি কাতার বলেই।

এ ছাড়াও ফিফার ফ্যান ফেস্টিভ্যাল হবে দোহার আল বিদ্দা পার্কে। সেখানে এক মাস ধরে পারফর্ম করবেন বিভিন্ন বিখ্যাত শিল্পীরা। বিনামূল্যে দর্শকদের এই অনুষ্ঠান দেখার সুযোগ রয়েছে। তবে শেষ অবধি আল বাইত স্টেডিয়ামে কী হবে উদ্বোধনী অনুষ্ঠানে, সে দিকেই নজর রয়েছে গোটা বিশ্বের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত