প্রথম দুই ম্যাচে ‘লুকাকুকে পাচ্ছে না’ বেলজিয়াম

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৭:৫০ পিএম

চোটের কারণে রোমেলু লুকাকুর কাতার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা বেশ আগে থেকেই। এরপরও বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেজ স্কোয়াডে রেখেছেন তাকে। তবে গ্রুপে নিজেদের শেষ ম্যাচের আগে ইন্টার মিলান ফরোয়ার্ডকে পাচ্ছে না বেলজিয়াম। বার্তা সংস্থা এএফপি দল সূত্রে এই খবর জানিয়েছে।

লুকাকু হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। বেলজিয়াম দল কাতারে পৌঁছার পর প্রথম অনুশীলন সেশনেও ছিলেন না ২৯ বছর বয়সী তারকা।

বেলজিয়ামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লুকাকু। ১০২ ম্যাচে করেছেন ৬৮ গোল। তবে সম্প্রতি সময়ে কঠিন সময় পার করতে হচ্ছে তাকে। চেলসির হয়ে গত মৌসুমে তেমন ভালো করতে পারেননি। এ মৌসুমের শুরুতে ধারে পাড়ি দিয়েছেন ইন্টারে। তবে আগস্ট থেকে এখন পর্যন্ত ক্লাবের হয়ে খেলেছেন মাত্র দুই ম্যাচ।

‘এফ’ গ্রুপে থাকা বেলজিয়াম আগামী ২৩ নভেম্বর কানাডার বিপক্ষে ম্যাচ নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ২৭ নভেম্বর তাদের প্রতিপক্ষ মরোক্কো। এই দুই ম্যাচে লুকাকুর খেলার সম্ভাবনা নেই। ১ ডিসেম্বর ক্রোয়েশিয়া ম্যাচে দেখা যেতে পারে তাকে। এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা এএফপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত