নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাময়িক বরখাস্তকৃত পুলিশের একজন কনস্টেবলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলমের আদালতে ওই মামলার শুনানি হয়।
সজীব হাসান (২৯) নামের ওই পুলিশ কনস্টেবল সবশেষ পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স ঢাকা সদর দপ্তরে কর্মরত ছিলেন। যৌতুক মামলার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২ বছর আগে পারিবারিকভাবে ৫ লাখ টাকা কাবিনে সজীবের সঙ্গে সামান্তার বিবাহ হয়। বিয়ের সময়ে সজীবকে নগদ ৩ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও ঘরের আসবাবপত্র দেওয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য সামান্তাকে মারধর করতে থাকে সজীব। ওই সময়ে আরও ২ লাখ টাকা হাতিয়ে নেয়। ২০২১ সালে মোটরসাইকেল কেনার জন্য আরও ৫ লাখ টাকা দাবি করে। ওই সময়ে সজীব হাসান নারায়ণগঞ্জের বন্দর থানায় কর্মরত ছিল। পরে এ ঘটনায় ওই বছরের ২৯ ডিসেম্বর সামান্তা বন্দর থানায় একটি যৌতুক মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান জানান, স্ত্রীর যৌতুক মামলায় সজীব নামের সাময়িক বরখাস্তকৃত এক পুলিশ কর্মকর্তা আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
