সিরাজগঞ্জের তাড়াশে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তাড়াশ-রানীরহাট সড়কের বেরখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের হাজী শামসুল আলমের ছেলে রাব্বী আহমেদ (২০) ও তার বন্ধু চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের বাসিন্দা শামীম আহমেদ (২১)। তারা দুজনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
এ বিষয়ে বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক জানান, বৈদ্যনাথপুর গ্রামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাব্বীর বাড়িতে তার বন্ধু শামীম বেড়াতে আসে। তারা দুই বন্ধু বিকেলে মোটরসাইকেল যোগে ঘুরতে বের হয়। তারা বেরখালী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শামীম আহমেদ মারা যায়। রাব্বীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।
