আর্জেন্টিনাকে নিয়ে ক্যানিজিয়ার দুর্ভাবনা যেখানে

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০১:২১ এএম

বিশ্বকাপে এবার কতদূর যাবে আর্জেন্টিনা? দুর্দান্ত ছন্দে থেকে কাতারে পাড়ি দিয়েছে দেশটি। খুবই বাজে একটা সময়ে দায়িত্ব নিয়ে লিওনেল স্কালোনি পুরোপুরি বদলে দিয়েছেন দলটাকে। সুখী একটা পরিবার হিসেবে পারফরম করে চলেছে দুইবারের চ্যাম্পিয়নরা। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি নিজের শেষ বিশ্বকাপ খেলবেন। এটাও দলটাকে জাগিয়ে তুলতে বাধ্য। সবকিছু মিলিয়ে অনেকেই দলটির সামনে বড় সুযোগ দেখছেন এবার। আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ খেলা ক্লদিও ক্যানিজিয়াও রয়েছেন সেই দলে। বর্তমান আর্জেন্টিনা দল নিয়ে বেশ আশাবাদী তিনি। তবে একটা জায়গায় উত্তরসূরিদের সতর্ক থাকার বার্তাও থাকছে তার কথায়।

৫৫ বছর বয়সী ক্যানিজিয়া ১৯৮৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৪৯ ম্যাচ খেলেছেন। নামের পাশে গোল ১৬টি। যার মধ্যে বিশ্বকাপে গোলের সংখ্যা ৪টি। ১৯৯০ সালে প্রথম বিশ্বকাপে খেলেন তিনি। সেবার ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি আর্জেন্টিনার। কার্ডের খাঁড়ায় ক্যানিজিয়া অবশ্য ফাইনালে খেলতে পারেননি। তবে ওই আসরে দুই গোল তার নামের পাশে। ক্যানিজিয়া পরে খেলেছেন ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপে। ৯৪ বিশ্বকাপেও করেন দুই গোল। ফিফা প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে যিনি এবারের আর্জেন্টিনাকে নিয়ে বলেছেন, ‘এই দল নিয়ে আমি আশাবাদী। ট্রফির জন্য চ্যালেঞ্জ জানানোর সুযোগ আছে আমাদের।’

ক্যানিজিয়া ফেভারিটদের কথা বলতে গিয়ে নিজ দেশের সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কথা উল্লেখ করেছেন, ‘কিছু দেশ আছে যারা অবশ্যই শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। যেমন ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি।’ তবে এই ফেভারিটদের কাজ কঠিন করার মতো দলও দেখছেন ক্যানিজিয়া, ‘আরও কিছু ভালো দলও আছে, যারা এই বড় দলগুলোর কাজ কঠিন করে তুলতে পারে। আমি নেদারল্যান্ডস, বেলজিয়াম, ডেনমার্কের কথা বলছি।’

লিওনেল মেসিরা কাতার বিশ্বকাপে খেলতে গেছে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে। কিন্তু এই ম্যাচগুলোতে ইউরোপিয়ান প্রতিপক্ষ খুব বেশি ছিল না। মাত্র তিনটি ম্যাচ ছিল ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে। ঠিক এই জায়গাটাতেই ক্যানিজিয়ার দুর্ভাবনা কাজ করছে, ‘এই আর্জেন্টিনা দলটাকে ভালো দেখাচ্ছে। কিন্তু আমরা গত কয়েক বছরে ইউরোপের দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ খুব একটা পাইনি। এটি একটি সমস্যা। তাদের বিপক্ষেও আমাদের খেলা উচিত ছিল, তাদের ধরন অবশ্যই দক্ষিণ আমেরিকার দলগুলোর চেয়ে আলাদা।’

আজ সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত