সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলা দেখতে কাতারে তামিম

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৯:৫৩ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। তার নেতৃত্বে আগামী ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ খেলার কথা রয়েছে টাইগারদের। সামনেই ভারত সফর। বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে দল। কিন্তু স্কোয়াড ঘোষণার দিনে তামিম রয়েছেন কাতারে। প্রিয় দল ব্রাজিলের বিপক্ষে সার্বিয়ার খেলা দেখতে তিনি রয়েছে দ্বোহায়।

প্রথমবার বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাওয়ার অনুভূতির পাশাপাশি ক্রিকেটের বাইরের নানা বিষয় নিয়ে সেখানে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে।

তামিম কাতারে পৌঁছার আগে তার প্রিয় ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা হেরেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে। সেই হারের পর মনে মনে খুশিই নাকি হয়েছেন জানিয়ে বলেন, ‘খুশির সঙ্গে একটু চাপে ছিলাম। কেউ হারলে তো আর উদযাপন করা যায় না। তবে আর্জেন্টিনা হারের পর মনে মনে খুশিই হয়েছিলাম।’

তবে বুধবার রাতে জাপানের কাছে জার্মানির হারের পর একটু শঙ্কায় রয়েছেন তামিম, ‘জার্মানি যেভাবে হেরেছে তারপর একটু ভয়ে আছি। যদি আজও এমন অঘটন হয় তবে এত দূর থেকে খেলা দেখতে এসে কষ্টই পাবো। তবে আশা করি আমাদের প্রত্যাশিত ফলটাই হবে। যেটা আমরা চাই, ব্রাজিল অবশ্যই জিতবে। আশা করি আজ রাতে ভালো একটা প্রতিযোগিতা হবে।’

অনেকেই বলেন ব্রাজিল মাঠে নামার আগেই দুই ম্যাচ জিতে গেছে। আর্জেন্টিনা ও জার্মানি পরাজয় মানে নেইমারদের জয়। এমন কথা শোনার পর তামিম মজার ছলেই বলেন, ‘বাংলাদেশের দর্শকদের দৃষ্টিভঙ্গি থেকে এই জয় ঠিক আছে। তবে আমি ঐ ধরনের সমর্থক না। এটা বন্ধু-বান্ধবদের মধ্যে খোঁচাখুঁচি তো হবেই। তবে আমি মনে করি আর্জেন্টিনা ও জার্মানিসহ অংশ নেওয়া সব দল শক্তিশালি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত