যুক্তরাজ্য থেকে সিরিয়ায় পাড়ি জমানো বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী শামীমা বেগমকে তার মা-বাবার দেশ বাংলাদেশে পাঠালে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হবেন বলে আদালতের শুনানিতে আশঙ্কা প্রকাশ করেছেন তার আইনজীবী। শামীমার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়ার কারণে তিনি এখন কার্যত ‘রাষ্ট্রহীন’ বলেও উল্লেখ করা হয়েছে শুনানিতে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, শামীমার নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে শুনানি চলছে যুক্তরাজ্যের স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশনে (সিয়াক)। সেখানেই শামীমার আইনজীবী ড্যান স্কয়ারস কেসি এসব কথা বলেন। আইনজীবী আদালতে আপিলের শুনানিতে আরও বলেছেন, শামীমাকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে কিনা এবং তিনি কোনো সুরক্ষা পাবেন কিনা সে প্রশ্ন রয়েছে। দেশটিতে ঢুকলে শামীমাকে ফাঁসিতে ঝোলানো হবে।
