পুতিনকে প্রভাবিত করার ক্ষমতা ছিল না : মেরকেল

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১০:৫৯ পিএম

ইউক্রেনে রাশিয়ার অভিযানে জার্মানির নীতিগত অবস্থান নিয়ে আবারও আত্মপক্ষ সমর্থনে সাফাই গাইলেন সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। তিনি বলেন, অভিযান বন্ধ করতে বা রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে প্রভাবিত করার ক্ষমতা শেষ হয়ে এসেছিল। এ জন্যই যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে পারেননি।

জার্মানির সংবাদ সাময়িকী স্পিগেলকে মেরকেল বলেন, ২০২১ সালের গ্রীষ্মে রুশ প্রেসিডেন্ট পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ইউরোপীয় সংলাপ আয়োজন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু এ নিয়ে সামনে আগানোর ক্ষমতা তার ছিল না। কারণ, সবাই জানতেন তিনি শরতেই বিদায় নেবেন। বিবিসি জানায়, চার মেয়াদে জার্মানির চ্যান্সেলর ছিলেন মেরকেল। গত বছর ডিসেম্বরে তিনি ক্ষমতা ছাড়েন। তার আগে ২০২১ সালের আগস্টে সবশেষ রাশিয়া সফর করেছিলেন তিনি। স্পিগেল সাময়িকীকে মেরকেল বলেন, তখনকার অবস্থাটি ছিল খুব স্পষ্ট ক্ষমতার রাজনীতিতে আপনার প্রভাব শেষ হয়ে গেছে। পুতিন কেবল ক্ষমতাকেই বিবেচনায় নেন।

ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে সীমান্তে কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সেনা সমাবেশ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। অনেকেই যুক্তি দিয়ে থাকেন যে, মেরকেল ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য নেতার ক্রেমলিনের বিরুদ্ধে আরও কঠোর পন্থা নেওয়া উচিত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত