আর্জেন্টিনা-মেক্সিকো টুর্নামেন্টের সেরা ম্যাচ হতে যাচ্ছে

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১২:১৮ এএম

সৌদি আরবের বিপক্ষে হারের পর সবকিছু নতুন করে শুরুর তাগিদ দিয়েছিলেন লিওনেল মেসি। সেই ‘শুরুটা’ তাদের হতে যাচ্ছে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে। লুসাইল স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচটা টুর্নামেন্টের সেরা ম্যাচ হতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে।

দুই দলের জন্যই ‘মাস্ট উইন’ ম্যাচ এটা। মেক্সিকো প্রথম খেলায় পোল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। দ্বিতীয় ম্যাচ যদি হেরে যায় তাহলে বিপাকে পড়বে তারা। আর আর্জেন্টিনা তো সৌদি আরবের বিপক্ষে হেরেছে ২-১ গোলে। যেটা আসলে প্রত্যাশিত ছিল না কারও। ‘সি’ গ্রুপে তো এখন সবার তলানিতে তারা। মেক্সিকোর বিপক্ষে তাই না জিতে উপায় নেই লিওনেল স্কালোনির দলের।

আর্জেন্টিনা নিজেদের কীভাবে মেলে ধরে এটা গুরুত্বপূর্ণ হবে। সৌদি আরবের বিপক্ষে ম্যাচটায় যদি আসি। সৌদিরা যখন আক্রমণাত্মক ফাউল করছিল, তখন আর্জেন্টিনার খেলোয়াড়দের সেকেন্ড গিয়ার দেখিনি। প্রতিপক্ষ আক্রমণাত্মক খেলছে, আমাদেরও আক্রমণাত্মক খেলা দরকার এই মনোভাবটাই তাদের ছিল না। কেন ছিল না, এটা বেশ বিস্ময়ের। একটা ভালো দল যেকোনো ম্যাচ হারতেই পারে। কিন্তু আর্জেন্টিনা যেভাবে হেরেছে এটা অপ্রত্যাশিত ছিল। এ ধরনের মানসম্পন্ন দলের কাছ থেকে এটা আশা করা যায় না।

ভালো দিক হচ্ছে যে আর্জেন্টিনা দলে কোনো ইনজুরি নেই। মেক্সিকোও তাদের সবাইকে পাবে। পোল্যান্ডের বিপক্ষে মেক্সিকো যেভাবে এক পয়েন্ট পেয়েছে, এটা আসলে সহজ ছিল না। রবার্ট লেভানডফস্কির পেনাল্টি ঠেকানো, অনেকগুলো আক্রমণ রুখে দেওয়া ওদের আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই বাড়িয়ে থাকবে। তবে সৌদি আরবের বিপক্ষে হারটা কিন্তু আর্জেন্টিনার জন্য টার্নিং পয়েন্টও হতে পারে। ২০১০ সালে যেমন স্পেন নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হেরেছিল। এরপর কিন্তু ওরা চ্যাম্পিয়ন হয় টুর্নামেন্টে। আর চ্যাম্পিয়ন হতে পারে এই তকমাটা যেহেতু আর্জেন্টিনার গায়ে লেগেছে, বিশেষ কিছু তো হতেই পারে!

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা কীভাবে খেলবে এটা হচ্ছে প্রশ্ন। ফর্মেশনে তারা বদল আনবে কিনা, উইঙ্গার কাকে খেলাবে, বা মাঝখান দিয়েই আক্রমণে যাবে কিনা? এর আগে একবার ৪-২-২-২ ফর্মেশন ট্রাই করেছিল তারা। এ ম্যাচে তেমন কিছু করতেও পারে বলে আমার মনে হচ্ছে।

আর্জেন্টিনা যখন সবকিছু নতুন করে শুরুর অপেক্ষায়, তখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল দুর্দান্ত শুরু পেয়েছে। আমি বলব দারুণ শুরু পেয়েছে ব্রাজিল। পরের ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। সুইসরাও শক্তিশালী দল। সেখানে আত্মবিশ্বাস নিয়েই খেলতে পারবে তিতের দল। তবে আরেকটা ব্যাপার বলব, এই যে সবার প্রত্যাশা বেড়ে গেল, এটা ব্রাজিলের জন্য শত্রুও হতে পারে। প্রথম ম্যাচ জিতেছে, চ্যাম্পিয়ন হচ্ছেই এমন বিষয়গুলো মানসিক দিকে প্রভাব রাখে অনেক সময়। ব্রাজিল তা কীভাবে সামলায় সেটাও কিন্তু দেখার হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত