বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) যৌথ উদ্যোগে চক্ষু চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। আজ দিনব্যাপী রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন সংক্রান্ত সেবা প্রদান করা হয়।
দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডাস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন ডা. মো. শাহীন রেজা চৌধুরী। অনুষ্ঠানে পুনাক সাধারণ সম্পাদক নাসিম আমিন বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী বলেন, চোখ হচ্ছে মানবজীবনের অমূল্য সম্পদ। সৃষ্টিকর্তা আমাদের অনেক অঙ্গ-প্রতঙ্গ দিয়েছেন, তার মধ্যে চোখ গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু অজ্ঞতা, অসাবধানতা ও সময়মতো চিকিৎসা না করানোর কারণে আমরা এ অমূল্য সম্পদ হারিয়ে ফেলি। তাই এ ক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে। তিনি বলেন, প্রতিবছর অন্তত একবার চোখের ডাক্তার দেখানো প্রয়োজন।
তিনি বলেন, চোখের চিকিৎসা নিয়ে ডাস বাংলাদেশের অনেক জায়গায় কাজ করছে। পুনাক ডাসের সাথে চোখের চিকিৎসায় এ উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তা ছড়িয়ে দিতে চাই। তিনি এ ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
পুনাক সভানেত্রী বলেন, পুনাক নিজস্ব কার্যক্রমের বাইরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতে এ ধরনের আরও কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হবে।
পুনাকের স্বাস্থ্য সম্পাদক ডা. প্রথমা রহমান ও দপ্তর সম্পাদক রোকসানা পারভীন এবং তাদের টিম এ অনুষ্ঠান আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১০ জন চিকিৎসক ২৫০ জনেরও অধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেন।
