বলিপাড়ার আলোচিত পরিচালকদের মধ্যে অন্যতম অনুরাগ কাশ্যপ। রোল ক্যামেরা, লাইট, অ্যাকশন- এর মধ্যেই আবদ্ধ তার জীবন। পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। কিন্তু বাইরে থেকে দেখে অনেকেরই মনে হয়, যাদের জীবনে এত খ্যাতি এত ঐশ্বর্য- তাদের জীবনে ঝড় আসতেই পারে না। এ ধারণা যে সম্পূর্ণ ভুল, সে কথাই এবার এক সাক্ষাৎকারে জানালেন অনুরাগ।
অবসাদ, চরম অবসাদ। লকডাউনে সাধারণ মানুষের অনেকেই এ অবস্থার মুখোমুখি হয়েছেন। অবসাদ গ্রাস করে অনুরাগকেও। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে আটকে যায় তার ছবি 'অলমোস্ট প্যায়ার উইথ ডিজে মহব্বত'। সেই একই সময় ওটিটিতে এসেছিল অ্যান্থোলজি সিরিজ 'দ্য ঘোস্ট স্টোরিজ'। এই সিরিজে অনুরাগ পরিচালিত 'তাণ্ডব' ছবিটিও দর্শকের মোটে মনে ধরেনি। ফলে এত প্রত্যাখ্যান এবং ছবি বন্ধের কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হন। হৃদরোগেও আক্রান্ত হন অনুরাগ।
সেই অবসাদ অবশ্য অনুরাগকে আটকে রাখতে পারেনি। তার পরই 'দোবারা' ছবির পরিকল্পনা করে ফেলেন। শুধু তাই নয় পরিচালকের মেয়ে আলিয়াকেও নাকি একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে আপাতত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। 'অলমোস্ট প্যায়ার উইথ ডিজে মহব্বত' ছবির মুক্তির তোড়জোড় শুরু করে দিয়েছেন অনুরাগ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
