পর্তুগালের প্রতিশোধ না উরুগুয়ের টিকে থাকা

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১১:৫৩ পিএম

ঠিক আগের বিশ্বকাপের কথা। রাশিয়ার সোচিতে শেষ ১৬’র ম্যাচে মুখোমুখি পর্তুগাল-উরুগুয়ে। নকআউটের ম্যাচে সেদিন ২-১ গোলে ক্রিশ্চিয়ানো রোনালদোদের হারিয়ে দিয়েছিল লাতিন আমেরিকানরা। ২০০৬’র পর প্রথমবার শেষ ১৬-তে উঠেও আর এগোতে পারেনি পর্তুগিজরা। রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন শেষ করে উরুগুয়েও বেশিদূর এগোতে পারেনি। কোয়ার্টারে চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় বিশ্বকাপ থেকে। আজ ঠিক একই অবস্থানে উরুগুয়েকে ঠেলে দিতে পারে পর্তুগাল। এইচ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রোনালদোরা। ওদিকে উরুগুয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট রেখেছে নামের পাশে। আজ হেরে গেলে বিশ্বকাপ অনেকটাই শেষ হয়ে যাবে সুয়ারেজ ও কাভানিদের। ওদিকে গতবারের প্রতিশোধ নিয়ে পূর্ণ ৬ পয়েন্টে শেষ ১৬ নিশ্চিত করবে পর্তুগাল। নিজেদের বিগ ম্যাচে তারা অতীত হিসাব মিটিয়ে প্রতিশোধ নেয় না উরুগুয়ে বিশ্বকাপে টিকে থাকে সেটাই দেখার।

প্রতিশোধ নেওয়াটা রোনালদোর জন্যই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ শুরুর আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এখন ফ্রি এজেন্ট। আসরের পর দল পেতে হলে বিশ্বকাপে ভালো করতেই হবে তাকে। সেই পথে প্রথম ম্যাচে অনেকটা এগিয়ে গেছেন রোনালদো। টানা পাঁচ আসরে গোল করে অনন্য কীর্তি গড়েছেন। তবে এখানে থাকলেই হচ্ছে না। রোনালদো নিজেও থামতে চাইছেন না। ইন্সটাগ্রামে এক পোস্ট করে অসম্ভবকে সম্ভব করার কথা জানান, ‘এতো মাত্র শুরু। কোনো কিছুই অসম্ভব না।’ রোনালদো বিশ্বকাপ জয়ের কথাই বুঝিয়েছেন। কিন্তু তার একার বা তার দলের পক্ষে এই চ্যালেঞ্জ জেতা খুব কঠিন।

এমনিতে দুদলেরই প্রথম ম্যাচ কেটেছে গড়পড়তা। ঘানা বা দক্ষিণ কোরিয়ার কারও বিপক্ষেই স্পষ্ট ফেভারিটের মতো জিততে পারেনি পর্তুগাল ও উরুগুয়ে। রোনালদোর রেকর্ড গড়া পেনাল্টি গোলের পর ফেলিক্স ও লিয়াও’র পা থেকে আরও দুই গোল আসে। কিন্তু আন্দ্রে আইয়ু ও ওসমান বুকারির গোলে দারুণ জবাব দেয় ঘানা। শেষ মুহূর্তে গোলরক্ষক দিয়েগো কস্তা নিজের ভুলে ঘানাকে সমতায় এনেই দিচ্ছিলেন প্রায়। ইনাকি উইলিয়ামস শট নিতে গিয়ে পিছলে না পড়লে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হতো ইউরোপের সেলেকাওদের। শেষদিকে ডিফেন্সের এমন নড়বড়ে অবস্থার সুযোগ আজ নিতে পারে উরুগুয়ে। সুয়ারেজ ও কাভানির দক্ষতা এবং ফেদেরিকো ভালভার্দে ও ডারউইন নুনেজের তারুণ্য মিলে গড়া ফরোয়ার্ড লাইন সুযোগ পেলেই গোল করতে পারে।

তবে দক্ষিণ কোরিয়া সেই সুযোগ দেয়নি উরুগুয়েকে। উল্টো নিজেদের দারুণ রক্ষণে সুয়ারেজকে নিস্তেজ করে দিয়েছে ম্যাচে। লিভারপুলে নাম লিখিয়ে তারকা হয়ে ওঠা নুনেজও বেশি ভয় ধরাতে পারেননি। আর দ্বিতীয়ার্ধে নামা উরুগুয়ের অপর অভিজ্ঞ স্ট্রাইকার কাভানিও পার্থক্য গড়তে পারেননি। সেদিক থেকে ব্যতিক্রম ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ভালভার্দে। একমাত্র তার পা থেকেই এসেছিল গোল হওয়ার মতো দুটি শট। যার একটি পোস্টে লেগে ফিরেছে। অপর পোস্টে লেগে নষ্ট হওয়া সুযোগ এসেছে দিয়েগো গোদিনের হেড থেকে।

গোদিনকে নিয়ে গড়া উরুগুয়ে ডিফেন্সকে সমীহ করছেন পর্তুগাল ফরোয়ার্ড গনসালো রামোস। তবে দলটির শুধু একজন ফুটবলারকে নিয়ে ভাবছেন না বলেও জানান, ‘উরুগুয়ে খুবই শক্ত এবং বিপজ্জনক। গোদিন বিশ্বমানের ফুটবলার। ২০১০ থেকে সে বিশ্বকাপে খেলছে তার অভিজ্ঞতা অনেক। কিন্তু আমরা এই এক-দুই জনকে নিয়ে পড়ে থাকতে চাই না। ফুটবলে এটা বৃথা।’ রামোস আরও জানান এই ম্যাচে ড্রয়ের কথা কোনোভাবেই ভাবছেন না তারা, ‘আমাদের দলের যে মান ও অভিজ্ঞতা সেদিক থেকে এমন ম্যাচে আমরাই ফেভারিট। আমরা জয় নিয়েই ভাবছি ড্রয়ের কথা মাথায় আনছি না। সম্ভবত কোনো দলই ড্র করার জন্য মাঠে নামে না।’

পর্তুগাল গত ১৩টি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে সফল। হেরেছিল মাত্র একটিতে ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে। তবে উরুগুয়ের সঙ্গে বিশ্বকাপে ২০১৮ বিশ্বকাপে একমাত্র দেখায় জিততে ব্যর্থ তারা। এছাড়া আগে আরও দুটি প্রীতি ম্যাচে একটি ড্র ও একটি জয় আছে। এদিকে উরুগুয়ে আজ ডিফেন্সের সাফল্য নিয়ে তৃপ্তি রাখবে। কোরিয়ার সঙ্গে গোলপোস্ট অক্ষত রেখে একমাত্র দল হিসেবে বিশ্বকাপ গ্রুপ পর্বে টানা ৬ ম্যাচ গোল হজম করেনি তারা। জিততে হলে পর্তুগালকে এ দিকে তাই জোড় নজর দিতে হবে।

আজ গ্রুপের অন্য ম্যাচও কম গুরুত্বপূর্ণ নয়। প্রায় সমশক্তির দুই দল দক্ষিণ কোরিয়া ও ঘানা নামবে বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে। বিশ্বকাপে দুই দলের অতীতটা প্রায় একই। টুর্নামেন্টে নিজেদের শেষ ৫ ম্যাচ জিততে ব্যর্থ ঘানা। ওদিকে কোরিয়া শেষ ৫ ম্যাচের তিনটিতে গোল করতে পারেনি। এই অবস্থায় সমশক্তির প্রতিপক্ষের সঙ্গে ঘানার আশার জায়গা সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ ম্যাচে মাত্র একটি হার। এদিকে শেষ ৪ ম্যাচে তিনটি ক্লিনশিট রেখে কোরিয়াও এই ম্যাচ নিয়ে আশা দেখছে। আজ জিতলেই কোরিয়ার দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে অনেকটা। ওদিকে বিদায় নিশ্চিত হয়ে যাবে ঘানার। ব্লাক স্টাররা এই হিসাব পাল্টে টিকে থাকতে চায় বিশ্বকাপে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত