অতিথি পাখির কলতানে মুখর সখীপুরের শাল-গজারির বন

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১২:০৯ এএম

শীতের আগমনের সঙ্গে সঙ্গে দেশে আসতে শুরু করেছে অতিথি পাখিরা। দেশের বিভিন্ন স্থানের মতো টাঙ্গাইলের সখীপুরের বিভিন্ন এলাকাও অতিথি পাখিদের কলকাকলিতে মুখর হয়ে উঠেছে। গাছে গাছে আশ্রয় নিয়েছে বিভিন্ন দেশ থেকে আসা এসব পাখি। অতিথি পাখিদের গুঞ্জনে যেন জেগে উঠেছে শাল-গজারির বন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বোয়ালী, নলুয়া, যাদবপুর, লাঙ্গুলিয়াসহ বিভিন্ন এলাকায় শাল-গজারির বনসহ বাঁশঝাড় ও অন্যান্য গাছে পাখিদের মেলা বসেছে। এ যেন অতিথি পাখির স্বর্গরাজ্য। কিছু পাখি কুয়াশায় ভেজা পালকে নানা কায়দায় কসরত করছে। কিছু পাখি লেজ দুলিয়ে পোকা খুঁটে খাচ্ছে। ১০-১২ প্রজাতির অতিথি পাখি এসেছে। এ ছাড়া সাদা বক, কানি বক, পানকৌড়ি, চিল, বাজসহ দেশীয় প্রজাতির নানা পাখিও রয়েছে। ভোরবেলা ও সন্ধ্যায় এসব পাখি গাছে গাছে উড়ে বেড়ানোর দৃশ্য ও পাখির কিচিরমিচির শব্দ মোহিত করে সবাইকে।

স্থানীয় বাসিন্দা ও পাখিপ্রেমীরা জানান, বছরজুড়েই হরেকরকম দেশীয় পাখি  থাকে এসব এলাকা। তবে শীতে যেন নতুন প্রাণ পায় এসব অঞ্চলের পাখিরা। তাদের সঙ্গে যোগ দেয় পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসা অতিথি পাখির দল। প্রতি বছর নভেম্বর মাসে হিমালয়ের উত্তরে অবস্থিত শীতপ্রধান দেশ সাইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপালসহ বিভিন্ন এলাকা থেকে পরিযায়ী পাখিরা উষ্ণতার খোঁজে বাংলাদেশে আসে। শীতের রেশ কেটে গেলেই বসন্তের সময়টাতে এসব পরিযায়ী পাখি আবার তাদের নিজ এলাকায় ফিরে যায়।

নলুয়া গ্রামের মজিবর রহমান বলেন, ‘অতিথি পাখির কিচিরমিচির শব্দ, ডানা ঝাপটানো, গাছের এক ডাল থেকে অন্য ডালে উড়ে যাওয়া যেন প্রকৃতিতে একেবারে হারিয়ে যাওয়া। প্রকৃতির এ দৃশ্য যারা দেখেনি তারা বুঝবে না এর আনন্দ। পাখিদের অবিরাম খুনসুটি, ডানা ঝাপটে দল বেঁধে উড়ে চলা দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নামে তা টেরই পাওয়া যায় না। নানা রঙের অতিথি পাখির মেলা বসেছে এ অঞ্চলের শাল-গজারিসহ বিভিন্ন গাছে গাছে।’

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘বোয়ালী গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায় অতিথি পাখি এসেছে। এদের যাতে কেউ শিকার বা ক্ষতি করতে না পারে সে জন্য আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি এবং সচেতন করে যাচ্ছি।’

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম দেশ রূপান্তরকে বলেন, ‘শীতের শুরুতে এ এলাকায় বিভিন্ন জায়গায় অতিথি পাখির আগমন শুরু হয়েছে। কেউ অতিথি পাখি নিধন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত