বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়ল বিমান, অন্ধকারে ডুবল নগর

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১০:১১ এএম

বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়ল বিমান! রবিবার রাতে আমেরিকার মন্টগোমারিতে একটি ছোট আকৃতির বিমান বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়ে। এতে কেউ হতাহত না হলেও গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওয়াশিংটন পোস্ট স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে জানায়, দুর্ঘটনার ফলে প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। মন্টগোমারির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল অন্ধকারে ডুবে যায়।

তবে বিমানটি ঠিক কী কারণ ভেঙে পড়েছে, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, প্রায় দশতলা বাড়ির সমান উচ্চতা থেকে বিমানটি ভেঙে পড়ে। বিমানটি যে অঞ্চল দিয়ে যাচ্ছিল, সেখানে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। দুর্ঘটনার সঙ্গে বৃষ্টির কোনো সম্পর্ক আছে কি-না, খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মন্টগোমারি পুলিশের পক্ষে একটি টুইট করা হয়। বিদ্যুৎ সংযোগ ফেরা না পর্যন্ত বিপর্যস্ত এলাকা যথাসম্ভব এড়িয়ে যাওয়ার অনুরোধ করা হয় ওই টুইটবার্তায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত