এক সপ্তাহ কেটে গেল। ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর কেমন আছেন সব্যসাচী চৌধুরী? সে খবর এখনও অজানা। তবে এতদিন পর সব্যসাচীর কথা লিখেছেন ঐন্দ্রিলার মা। দিয়েছেন আবেগঘন বার্তা।
দু'বার ক্যানসারকে হারিয়েছিলেন ঐন্দ্রিলা। কিন্তু ব্রেন স্ট্রোকের ধাক্কা সামলাতে পারেননি। টানা ২০ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়েন অভিনেত্রী। কিন্তু শেষরক্ষা হয়নি। ২০ নভেম্বর প্রয়াত হন বাংলা টেলিভিশনের তারকা। ঐন্দ্রিলার মৃত্যুর আগেই সোশাল মিডিয়া থেকে অভিনেত্রীসংক্রান্ত সব পোস্ট মুছে ফেলেন সব্যসাচী। মাঝে সব্যসাচীর অসুস্থতার খবর রটেছিল। ফেসবুক পোস্টে না নস্যাৎ করেন অভিনেতা সৌরভ দাস।
রবিবার সব্যসাচীর কথা নিজের পোস্টে উল্লেখ করেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা। ঐন্দ্রিলা ও সব্যসাচীর সিরিয়ালের ছবি দিয়ে তৈরি একটি রিল ভিডিও শেয়ার করেন তিনি। যাতে দেব, কোয়েল অভিনীত 'রংবাজ' সিনেমার 'কি করে তোকে বলব' গানটি ব্যবহার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে শিখা শর্মা লেখেন, 'আমার সব্যর ঐন্দ্রিলা'।
ছোট্ট এই কথাতেই যেন নিজের যাবতীয় আবেগ প্রকাশ করেছেন শিখা শর্মা। গত কয়েকদিনে ঐন্দ্রিলার নানা ভিডিও তিনি শেয়ার করেছেন। তার বেশির ভাগেই রয়েছেন সব্যসাচী। কারণ ঐন্দ্রিলার ছায়াসঙ্গী ছিলেন তিনি। শেষমুহূর্ত পর্যন্ত অভিনেত্রীর পাশাপাশি তিনিও তীব্র লড়াই করে গেছেন। তাই তো দুজনেই অপরাজেয়।
