ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১৪।
সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৪ মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল রবিবার (২৭ নভেম্বর) ভোর রাতে ময়মনসিংহ শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে মো. কামরুজ্জামান (৩২), মো. জামাল উদ্দিন (৪৮) ও মো. আনোয়ার হোসেন (৫১) নামে তিনজনকে আটক করা হয়।
পরে ট্রাক থেকে ৫০ কেজি ওজনের ১৭০টি প্লাস্টিকের চিনির বস্তা উদ্ধার করা হয়। যার মোট ওজন ৮ হাজার ৫০০ কেজি। দাম দশ লাখ বিশ হাজার টাকা।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা নেত্রকোনা থেকে একটি ট্রাকে করে ভারতীয় চিনি বহন করে ময়মনসিংহ হয়ে যশোর জেলায় নিয়ে যাচ্ছিলেন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রি করে আসছিলেন বলেও জানান তারা।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব।
