বাঙালি পরিচালকের ছবিতে পঙ্কজ ত্রিপাঠী। ছবির নাম 'করক সিং'। নাম ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠী। পরিচালনায় অনিরুদ্ধ রায়চৌধুরী। এটি পরিচালকের তৃতীয় হিন্দি ছবি। দিন কয়েক হলো তিনি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফিরেছেন। তবে চমক এখানেই শেষ নয়।
জানা গেছে, ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী জয়া আহসানকে। সে ক্ষেত্রে এটি জয়ার প্রথম হিন্দি ছবি হতে চলেছে। যদিও অভিনেত্রী এখনই এই ছবির বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে কলকাতার তরফে 'করক সিং' ছবির ব্যবস্থাপনা দায়িত্বে থাকা সংস্থার সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এ ছাড়াও ছবিতে আছেন 'দিল বেচারা' ছবির অভিনেত্রী সঞ্জনা সাংভি।
প্রসঙ্গত, ছবিটি ছিল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি। এ ছাড়াও বাংলার একঝাঁক অভিনেতা-অভিনেত্রীকেও দেখা যাবে অনিরুদ্ধর ছবি 'করক সিং'-এ।
'করক সিং' ছবির বিষয়বস্তু মূলত আর্থিক কেলেঙ্কারি। তবে ছবির গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কি না, তা নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না। ছবির শুটিং কলকাতা ও মুম্বাই দুই জায়গায় হতে চলেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুম্বাইতে শুরু হতে চলেছে এই ছবির শুটিং। তার পর কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিনের শিডিউল আছে।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় আসবেন পঙ্কজ ত্রিপাঠী, সঞ্জনা সাংভিরা। বাংলা ভাষায় না হলেও বাঙালি পরিচালকের সঙ্গে এটা পঙ্কজের তৃতীয় কাজ। এর আগে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে দেখা যায় অভিনেতাকে। তার পর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'শেরদিল : দ্য পিলভিট সাগা' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন পঙ্কজ। এবার অনিরুদ্ধর সঙ্গে 'করক সিং' করছেন বাংলার জামাই পঙ্কজ ত্রিপাঠী। সূত্র : আনন্দবাজার
