জাতীয় দলের সাবেক অধিনায়ক তারকা ফুটবলার আজমত আলী (৬৬) আর নেই। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুর মহানগরীর হাড়িনালস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তার ছেলে আহসানুল হক অর্ণব বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
আশির দশকের মাঠ কাঁপানো ডিফেন্ডার, ‘চীনের প্রাচীর’খ্যাত তারকা ফুটবলার আজমত আলী অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। কিডনি, ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। তার ছোট ছেলে অর্ণব তার সঙ্গেই থাকতেন, বড় ছেলে আজিজুল হক নেদারল্যান্ডস প্রবাসী।
বাংলাদেশ ফুটবলের সোনালী সময়ে লাল-সবুজদের রক্ষণ সামলানোর দায়িত্বে ছিলেন আজমত আলী। দেশের ফুটবল ইতিহাসে নাম স্বর্ণাক্ষরে লিখতে সক্ষম হয়েছেন।
১৯৯২ সালে ফুটবল থেকে সরে যাওয়ার পর কোচিংয়ে যাত্রা শুরু করলেও দীর্ঘ সময় থাকেননি। বাংলাদেশ নৌবাহিনী, ধানমন্ডি ক্লাবে কোচ হিসেবে কাজ করেছেন। পরে মন সায় না দেওয়ায় ফুটবলকে বিদায় জানিয়ে দেন। মৃত্যুর আগ পর্যন্ত জন্মভিটে গাজীপুর মহানগরীর হাড়িনালে বসবাস করছিলেন সোনালী যুগের এই তারকা।
তিনি ঢাকা ওয়ান্ডারার্স, মোহামেডান ও ব্রাসার্সের হয়ে ফুটবল খেলেছেন দীর্ঘ দিন। কয়েক বছর আগে তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। এর পর থেকে নানা শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন। ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।
আজমত আলীর প্রথম নামাজে জানাজা বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় হাড়িনাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবং দ্বিতীয় জানাজা বেলা ১১টায় গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শোক প্রকাশ করেছেন।