গাজীপুরের শ্রীপুরে পাঁচটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের ওই পাঁচটি অবৈধ ইটভাটা অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে ওই পাঁচটি ইটভাটাকে বিভিন্ন অঙ্কের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
গতকাল মঙ্গলবার সকালে গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের মেসার্স কে বি এম ব্রিকসকে চার লাখ, মেসার্স এল বি এম ব্রিকসকে চার লাখ, মেসার্স এল বি এম ব্রিকস-২-কে ৪ লাখ, মেসার্স এ বি এম ব্রিকসকে ৪ লাখ ও মেসার্স মদিনা ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক মো. নয়ন মিয়া বলেন, পাঁচটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমিন ভূঁইয়া, গাজীপুর জেলা পুলিশের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
