চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। বুধবার (৩০ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে প্রাণঘাতী লিউকেমিয়াসহ একাধিক জটিল রোগে ভোগার পর স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ১৩ মিনিটে সাংহাইতে তিনি মারা যান।
ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জনগণের প্রতি প্রকাশিত এক চিঠিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘কমরেড জিয়াং জেমিনের মৃত্যু আমাদের দল, আমাদের সামরিক বাহিনী ও আমাদের দেশের সব জাতি গোষ্ঠীর জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
চিঠিতে জিয়াং জেমনিকে উচ্চ মর্যাদার একজন ‘অসামান্য নেতা, একজন মহান মার্কসবাদী, রাষ্ট্রনায়ক, সামরিক কৌশলবিদ ও কূটনীতিক এবং দীর্ঘদিনের পরীক্ষিত কমিউনিস্ট যোদ্ধা’ হিসাবে বর্ণনা করা হয়েছে।
১৯৮৯ সালে তিয়ানআনমেন ট্রাজেডির পর অনেকটা অপ্রত্যাশিতভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পান জিয়াং। তিনি চীনকে ওই ঘটনার পরবর্তী কূটনৈতিক বিচ্ছিন্নতা থেকে মুক্তকরন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক মেরামত এবং নজিরবিহীন অর্থনৈতিক উত্থানের তত্ত্বাবধান করেন তিনি।
ইতিহাস সৃষ্টিকারী পরিবর্তনের মাধ্যমে চীনকে দেখেছেন জিয়াং; যার মধ্যে রয়েছে বাজার-ভিত্তিক সংস্কার ব্যবস্থার পুনরুজ্জীবন, ১৯৯৭ সালে ব্রিটিশ শাসন থেকে হংকংয়ের প্রত্যাবর্তন এবং ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) বেইজিংয়ের প্রবেশ।
১৩ বছর পর ২০০২ সালে প্রেসিডেন্ট হু জিনতাওয়ের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
