আলমডাঙ্গায় কৃষক হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০২:৫৫ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষ্মীপুর গ্রামের কৃষক সুনীল কুমার দাসকে হত্যার দায়ে দুই ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মাসুদ আলী জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আলমডাঙ্গার রায়লক্ষ্মীপুর গ্রামের কালু ফকিরের ছেলে সুলতান হোসেন (৫৫), লালু মন্ডলের ছেলে লিয়াকত আলী ওরফে ন্যাকো (৫৮) ও তার ভাই শওকত আলী (৬০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ১৯৯৩ সালের ৯ ডিসেম্বর রাত ৮টার দিকে দণ্ডিত আসামিরাসহ অন্তত ১৫-১৬ জন সুনীলকে তার নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনার পরদিন নিহতের ভাই অনিল কুমার দণ্ডিত আসামিসহ অজ্ঞাত আসামিদের নামে থানায় এজাহার দায়ের করেন।

মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামি সুলতান হোসেন, লিয়াকত আলী ও শওকত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

একইসাথে দণ্ডপ্রাপ্ত সবাইকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ দেওয়া হয়।

অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের পাবলিক প্রসিকিউটর গিয়াসউদ্দিন জানান, এ হত্যা মামলায় মোট আসামি ছিলেন ২৫ জন। তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মামলার বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত