ভিনসেন্ট আবু বকর। ক্যামেরুনের এই স্ট্রাইকার দেশের হয়ে ম্যাচ খেলেছেন ৯৪টি। দেশের হয়ে বেশি ম্যাচ খেলার দিক থেকে তিনি আছেন পাঁচ নম্বরে। এর আগে খেলেছেন ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও। ২০১০ বিশ্বকাপে ক্যামেরুনের ২৩ জনের স্কোয়াডে ভিনসেন্ট বাদে বাকি সবাই জন্মেছিল ভিন্ন কোনো দেশে। কাতার বিশ্বকাপেও ক্যামেরুনের অন্যতম ভরসা ৩০ বছরের এই স্ট্রাইকার। শুক্রবার ব্রাজিলের বিপক্ষে যার দিকে তাকিয়ে থাকবে দল।
লুসাইল স্টেডিয়ামে শুক্রবার ‘জি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ব্রাজিল ও ক্যামেরুন। শেষ ষোলোর টিকিট পেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আফ্রিকার দেখ ক্যামেরুনের।
আবু বকর একটা সময় পোর্তো, বাসিকতাসের মতো ইউরোপিয়ান ক্লাবে খেলেছেন। বর্তমানে আবু বকর খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। সেখানে গেল মৌসুমে ২৩ ম্যাচে ৮ গোলের পাশাপাশি ৩ অ্যাসিস্ট করেন। বিশ্বকাপ খেলতে আসার আগে ৮ ম্যাচে করেছেন ২ গোল। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্যামেরুন খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল তারই।
নিজ দেশের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আবু বকর। ২০২১ আফ্রিকা নেশন্স কাপে করেছিলেন টুর্নামেন্ট সর্বোচ্চ (৮) গোল। কাতার বিশ্বকাপে দলের প্রথম দুই ম্যাচেই খেলেছেন বদলি হিসেবে। সবশেষ সার্বিয়ার বিপক্ষে ম্যাচে করেন একটি করে গোল ও অ্যাসিস্ট। তাই ব্রাজিল ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা আছে তার। সেটি না হলেও বদলি হিসেবে নেমে দলের হয়ে ভূমিকা রাখতে চাইবেন আবু বকর।
