রাজশাহী বিভাগীয় সমাবেশের আগে জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাবেক এই সংসদ সদস্য রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার কামাল তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালতের জামিনের কাগজপত্র কারাগারে আসার পর নাদিম মোস্তফাকে মুক্তি দেওয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর রাজশাহী নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন নাদিম মোস্তফা। ২০১৫ সালের একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তাই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নাদিম মোস্তফার আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদলতের বিচারক আব্দুল হালিম তার জামিন মঞ্জুর করেন।
