শ্বশুরবাড়ির আত্মীয়দের মাছ দিয়ে আপ্যায়ন, ক্ষোভে যুবকের আত্মহত্যা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৮:৪৬ পিএম

বগুড়ার শেরপুরে শ্বশুরবাড়ির লোকজনদের মাছ দিয়ে আপ্যায়ন করানোয় মামুন (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের গাড়ই দক্ষিণপাড়া গ্রামের ইয়াসিন প্রামানিকের ছেলে মামুন। কয়েক মাস আগে বিয়ে করেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তার স্ত্রীর স্বজনরা জামাই বাড়িতে বেড়াতে আসে। ওই দিন দুপুরে মামুনের শ্বশুরবাড়ির লোকজনদের শুধুমাত্র মাছ দিয়ে আপ্যায়ন করে তাদের পরিবার। এতে মামুন ক্ষোভে বাড়িতে থাকা জমিতে দেওয়া তরল বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে, মা হতে না পারার কষ্টে চৈতি বিশ্বাস (২২) নামে এক যুবতী বিষপানে আত্মহত্যা করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার তপন বিশ্বাসের মেয়ে শেরপুর মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী চৈতি বিশ্বাস দীর্ঘদিন ধরে গোপন রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি জানতে পারেন কোনো দিন মা হতে পারবেন না। এতে হতাশাগ্রস্ত হয়ে গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে তরল বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।

আলাদা ঘটনায় শেরপুর থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত