হোমওয়ার্ক করেনি, শাস্তি পেয়ে স্কুলের দোতলা থেকে লাফ ছাত্রের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১২:৩২ পিএম

শিক্ষকের দেওয়া বাড়ির কাজ (হোমওয়ার্ক) শেষ করেনি। শাস্তি পেয়ে আতঙ্কে স্কুলের দোতলা থেকে ঝাঁপ দিয়েছে অষ্টম শ্রেণির ছাত্র।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ের একটি স্কুলে।

আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, অষ্টম শ্রেণির ওই ছাত্র তার স্কুলের উর্দু বিভাগের শিক্ষকের দেওয়া হোমওয়ার্ক শেষ না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরিতে ব্যস্ত ছিল। বিষয়টি জানতে পারেন তার শিক্ষক।

এরপরই তিনি রেগে গিয়ে ওই ছাত্রটিকে শাস্তি দেন।

স্কুলের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায়, শাস্তি পাওয়ার পর ছাত্রটি ক্লাসের বাইরে মাটিতে বসেছিল। তারপর হঠাৎই উঠে গিয়ে ঝাঁপ দেয়। ঘটনাটি তার সহপাঠীরা দেখতে পেয়ে সেই শিক্ষককে খবর দেয়।

স্কুল সূত্রে খবর, ছাত্রটির অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে। এত উঁচু থেকে পড়ার কারণে তার মাথায় গুরুতর চোট লেগেছে। আলিগড়ের বন্নাদেবী পুলিশ স্টেশনে একটি মামলাও করা হয়েছে।

বন্নাদেবী পুলিশ স্টেশনের এক তদন্তকারী অফিসার জানান, হোমওয়ার্ক শেষ না করায় ছাত্রটি আতঙ্কিত হয়ে পড়ে। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। ইতিমধ্যেই সেই শিক্ষক-সহ পাঁচজন ছাত্রের বয়ান তারা নিয়েছেন। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত