ধামরাইয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৯:২০ পিএম

৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ ৩ ডিসেম্বর (শনিবার) ঢাকার ধামরাই সুইড বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র হাসান ও স্থানীয় শিক্ষানুরাগী মো. আব্দুল লতিফসহ সমাজের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। জমকালো এ অনুষ্ঠানটি কেক কাটার মাধ্যমে শুরু হয় এবং বর্ণাঢ্য র‌্যালি ও মূল্যবান দিক-নির্দেশনামূলক আলোচনার মাধ্যমে শেষ হয়।

একসেস বাংলাদেশ, কল্যাণী ইনক্লুসিভ স্কুল, ধূপ ফাউন্ডেশন স্কুলকে সাথে নিয়ে আজকের এ জমকালো অনুষ্ঠানের আয়োজক ছিল ধামরাই বুদ্ধি প্রতিবন্ধী স্কুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন এবং সার্বিক খোঁজখবর নেন। তিনি এ স্কুলের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

স্থানীয় শিক্ষানুরাগী মো. আব্দুল লতিফ জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম প্রদানের আশ্বাস দেন। স্কুলের প্রধান শিক্ষিকা ইফফাতারা ইফতি স্কুলের সার্বিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচেছন। তিনি স্কুলের সার্বিক উন্নয়নে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত