আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটি উসকানিমূলক কথাবার্তা ছড়াচ্ছে। বিএনপি অরাজনৈতিকভাবে উসকানিমূলক কথাবার্তা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
শনিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজার সংলগ্ন মাঠে দুধখালী ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিত সভায় তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘আমরা শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত থাকব যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে। আমরা তাদের সমাবেশ প্রতিহত করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বিএনপি’র মহাসমাবেশ প্রতিহত করার পরিকল্পনা করেনি। আওয়ামী লীগ বলেছে, বিএনপি বিগত দিনে তাদের বিভিন্ন সভা সমাবেশের নামে, হরতালের নামে যানবাহন পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে, গাড়ি ভাঙচুর করেছে। এই ঘটনাগুলো যখন মানুষ মনে করে তখন আতঙ্কিত হয়।’
তিনি আরও বলেন, ২০১৩ সালের ৫ মে ঢাকায় শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনে বিএনপি উসকানি দিয়েছিল। সেদিন তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এবারও পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে তারা।
দুধখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে ও মিজান ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল বাশার, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি আজিজুর রহমান শিবু খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান খান শফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খানসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
সভায় আগামী তিন বছরের জন্য ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
