একটু একটু করে বিষ দিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রী এবং তার প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগ, তারা চক্রান্ত করে ওই ব্যক্তিকে ধীরে ধীরে খুন করেন। দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনা মুম্বাইয়ের। নিহত ব্যক্তির নাম কমলকান্ত। পুলিশ জানায়, স্ত্রী কবিতার সঙ্গে তার কয়েক বছর আগে বিচ্ছেদ হয়। কিন্তু পরে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আবার তারা একসঙ্গে থাকতে শুরু করেন। কমলকান্তের ছোটবেলার বন্ধু হিতেশের সঙ্গে কবিতার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানায় পুলিশ।
কিছু দিন আগে পেটের অসুখে ভুগে মৃত্যু হয় কমলকান্তের মায়ের। তার পরপরই দেখা যায় কমলকান্তও পেটের অসুখে ভুগছেন। তার শারীরিক অবস্থার অবনতি হয় দ্রুত। চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান, কমলকান্তের রক্তে আর্সেনিক এবং থ্যালিয়ামের পরিমাণ অস্বাভাবিক মাত্রায় বেশি। মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু গত ১৯ নভেম্বর সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করে পুলিশ। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা তদন্তে নামে। গ্রেপ্তার করা হয় কমলাকান্তের স্ত্রী কবিতা এবং তার প্রেমিক হিতেশকে। জিজ্ঞাসাবাদের পর প্রকাশ্যে আসে চক্রান্তের কথা। কবিতা জানান, তিনি স্বামীর খাবারে প্রতিদিন একটু একটু করে বিষ মিশিয়ে দিতেন। কমলাকান্তের মায়ের মৃত্যুতেও তাদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া
