রমজানে পণ্যের দাম না কমলেও যৌক্তিক মূল্য নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০২:০৭ পিএম

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে, পণ্যের দাম না কমলেও যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি জানান, রমজান মাসে যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

চিনির বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি নিয়ে আমাদের কিছুটা অসুবিধা হয়েছে। কাগজপত্র বলে প্রচুর পরিমাণে চিনি পাইপলাইনে আছে। আমরা চেষ্টা করছি, ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, জরিমানা করছে। আমরা চিন্তা করছি, দরকার পড়লে যদি জেলে পাঠানো ব্যবস্থা করা যায়, কারাগারে পাঠানোর স্কোপ থাকে, আমরা করবো। আমার ধারণা, দাম যেটা বেশি আছে সেটা কমে আসবে। আজকেও কথা হয়েছে।

চিনির ডিউটি (আমদানি কর) যদি কমানো যায় তাহলে দাম কমে আসবে বলেও মনে করেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, চিনি অন্য বছরের তুলনায় কম নেই, যথেষ্ট পরিমাণে এসেছে। আমদানি তো চালু আছেই, বাজারে যে পরিমাণ মজুত আছে তা কোনো অবস্থায় বিপজ্জনক অবস্থায় নেই। সাধারণ মানুষের জন্য দাম যাতে কমানো যায় সেজন্য ডিউটি কমাতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত