নরসিংদীতে দূরসম্পর্কের চাচার বাসায় তরুণীর ঝুলন্ত লাশ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০২:৪৯ পিএম

নরসিংদীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুরভী আক্তার (২৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বেলা সাড়ে ১০টার দিকে পৌর শহরের ব্যাংক কলোনি এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার দুপুরে ওই বাসায় বেড়াতে আসেন তরুণী। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

নিহত সুরভী আক্তার কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে।

নিহতের স্বজনরা জানায়, সুরভী শনিবার দুপুরে তার দূরসম্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসা নরসিংদীর ব্যাংক কলোনিতে বেড়াতে আসেন। রবিবার ভোরে দূরসম্পর্কের চাচা বাহাদুর নিজেই তরুণীর ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি নিহতের বাড়িতে ফোন করে জানান। পরে, স্বজনরা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভূঞা বলেন, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

এদিকে, বাড়ির মালিক তরুণীর দূরসম্পর্কের চাচা বাহাদুর পলাতক আছে। আসল ঘটনা ময়নাতদন্তের পর জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত