অগ্নিসন্ত্রাসে মানুষ হত্যার জবাব খালেদা-তারেককে দিতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৪:৩৯ পিএম

সন্ত্রাস-জঙ্গিবাদ ছাড়া বিএনপি কিছু দিতে পারে না বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যার জবাব খালেদা জিয়া ও তারেক রহমানকে দিতে হবে।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে যাবে না, তারা ২০১৩ সাল থেকে শুরু করলো অগ্নিসন্ত্রাস। লঞ্চে আগুন, ট্রেনে আগুন, বাসে আগুন, রাস্তায় আগুন, গাছ কেটে ফেলছে । চারিদেক শুধু অগ্নিসন্ত্রাস। ৩ হাজার মানুষ অগ্নিসন্ত্রাসে আহত হয়েছে। ৫০০ মানুষ নিহত হয়েছে, সাড়ে তিন হাজার গাড়ি তারা পুড়িছে।

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। বিমানবাহিনী-সেনাবাহিনীর হাজার হাজার অফিসারকে হত্যা করেছে। আওয়ামী লীগের মৌলবি সৈয়দকে তুলে নিয়ে দিনের পর দিন টর্চার করে হত্যা করে। এ রকম আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে হত্যা করেছে। ঠিক একইভাবে খালেদা জিয়াও। তার আমলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে। কত লাশ গুম করেছে। আমি সবাই আত্মার মাগফেরাত কামনা করি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ২১ আগস্ট আমাদের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আইভি রহমানসহ আমাদের ২২জন নেতাকর্মী মারা যান। আমাকে আমার নেতকর্মীরা মানবঢাল তৈরি করে রক্ষা করেন। আমিও সেদিন মারা যেতে পারতাম। নেতকর্মীরা আমাকে বাঁচিয়েছেন।

তিনি বলেন, বিএনপি ভোটে যেতে চায় না। জিয়াউর রহমান যেমন জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল। ওদের ধারণা ওই ভাবেই তারা ক্ষমতায় যাবে। গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না। আজকে গণতান্ত্রিক ধারা আছে বলেই তো বাংলাদেশের উন্নয়ন হয়েছে। দীর্ঘ দিন গণতান্ত্রিক আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আজকে আপনাদের কাছে এই বিজয়ের মাসে আমি উপহার নিয়ে এসেছি। কিছুক্ষণ আগে ২৯টি প্রকল্পের উদ্বোধন, ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছি। বিজয়ের মাসে চট্টলাবাসীর জন্য আমার উপহার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত