ভারতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিলেন মিরাজ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৭:৪৭ পিএম

হাসান মাহমুদ যখন আউট হলেন, টাইগাররা তখনও জয় থেকে ৫১ রান দূরে। হাতে ছিল ৬৩ বল। তবে ঝুলিতে উইকেট ছিল মাত্র একটি। সেখান থেকেই মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে যেন পাড়ি দেন উত্তাল এক সমুদ্র। যে সমুদ্র অতীতে বহুবার পাড়ি দিতে গিয়ে তীরে এসে তরী ডুবেছে। তবে এবার আর সেই ভুলটি করেনি টাইগাররা। যেন ভারতের মুঠো থেকে জয়টা ছিনিয়ে নিলেন মিরাজ। ৪ ওভার হাতে রেখে ১ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল টাইগাররা।  

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জিতে নিয়েছে বাংলাদেশ। টপ অর্ডারদের একের পর এক ব্যর্থতায় প্রায় হারতে বসেছিল টাইগাররা। ৪০ ওভার হওয়ার আগেই হারিয়ে ফেলে ৯ উইকেট। সেখান থেকেই মেহেদী হাসান মিরাজ খেলেন ৩৮ রানের মহাগুরুত্বপূর্ণ এক ইনিংস। চারটি চারসহ ছিল দুটি ছক্কার মার। বলা যায় ঐ সমময়টা একাই তিনি টেনে নিয়েছেন দলকে। কাটার মাস্টার ফিজ দিয়েছেন যোগ্য সঙ্গ। তিনিও অপরাজিত থাকেন ১১ বলে ১০ রান করে। দুজনের মিলে দশম উইকেট জুটিতে গড়েন দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রানের জুটি। 

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগারদের নতুন অধিনায়ক লিটন দাস। মাত্র ১৮৬ রান তুলতেই অল আউট হয়ে যান রোহিত শর্মারা। মাত্র ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। 

দ্বিতীয় উইকেট জুটিতে আনামুল ও লিটন রান তোলার চেয়ে টিকে থাকার জন্য লড়াই করছিলেন। বিজয়ও ফিরে যান দ্রুতই। পরে সাকিবকে সঙ্গে নিয়ে লিটন ৪৮ রানের জুটি। সেই জুটি ভাঙে ৪১ রানে লিটনের বিদায়ে। তারপর সাকিবও ফিরে যান ২৯ রান করে। রিয়াদ ও মুশফিক ধুকে ‍ধুকে রান তুলছিলেন ঠিকই। তবে শেষ করে আসতে পারেননি।

এ দুই ব্যাটের বিদায়ের পরই শনির দশা লাগে। আফিফ, এবাদত ও  হাসান মাহমুদ ফিরে যান দ্রুতই। ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশের ঘুরে দাঁড়ানো সেখান থেকেই। হাতে অফুরন্ত বল থাকায় উইকেট সামলানোর দায়িত্ব একাই নেন মিরাজ। বাউন্ডারির দিকেই নজর ছিল তার। শেষ বল ছাড়া সিঙ্গেল নিচ্ছিলেনই না। তবে শেষ দিকে গিয়ে মনে হয়েছিল তীরে গিয়ে তরী ডুবতে পারে। 

কিন্তু মিরাজের ব্যাটিং দৃঢ়তা আর মোস্তাফিজের যোগ্য সঙ্গতে বাংলাদেশ ১ উইকেটে জয় ভারতের মুঠো থেকে ছিনিয়ে নিয়ে মাঠ ছেড়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত