লন্ডনে রহিম স্টার্লিংয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তাই বিশ্বকাপের মাঝেই দেশে ফিরলেন ইংল্যান্ডের এই উইঙ্গার।
রবিবার রাতে সেনেগালকে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। এই ম্যাচে ব্যক্তিগত কারণে স্টার্লিংয়ের না থাকার বিষয়টি আগে থেকেই জানা গিয়েছিল। কিন্তু ম্যাচটিতে রিজার্ভ বেঞ্চেও ছিলেন না চেলসি তারকা।
ম্যাচ শেষে তাই স্টার্লিংয়ে নিয়ে কথা বলতে হয় ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট ও অধিনায়ক হ্যারি কেইনকে। এ সময় তারা দুজনই স্টার্লিংয়ের না থাকার কারণ জানান।
সাউথগেট বলেন, ‘কিছু কিছু সময় ফুটবল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকে না। পরিবারই প্রথমে আসা উচিত।’
অধিনায়ক কেইন সতীর্থের পাশে দাঁড়িয়ে বলেন, ‘ওর পরিবারের পাশে আছি। সতীর্থ ও বন্ধুকে এভাবে দেখতে চাই না। আশা করি কোচের সঙ্গে কথা বলে সঠিক সিদ্ধান্তই নেবে।’
ডাকাতির কারণে ঠিক কতটা ক্ষতি হয়েছে স্টার্লিংয়ের তা স্পষ্ট করেননি সাউথগেট বা হ্যারি কেইন কেউই। তবে সংবাদ মাধ্যমে খবর, ডাকাতির সময় ২৭ বছর বয়সী ফুটবলারের বান্ধবী, তিন সন্তান ও মা বাড়ির ভেতরেই ছিলেন।
আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। সেই ম্যাচের আগে স্টার্লিং কাতারে ফিরতে পারবেন কি না তা স্পষ্ট নয়। ইরান ও ওয়েলসের বিপেক্ষে গ্রুপ পর্বের দুই ম্যাচে প্রথম একাদশে ছিলেন স্টার্লিং। ইরানের বিপক্ষে একটি গোল ও একটি অ্যাসিস্ট ছিল তার।
