সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
ভোমরা ইমিগ্রেশন অফিসের ওসি মাজরিহা হোসাইন জানান, ভ্রমণ শেষে দেশে ফেরার পথে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙায় একটি কাভার্ডভ্যানের চাকায় এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময় রবিবার বিকেল সাড়ে ৪টায় ঘোজাডাঙার ইছামতী পার্কিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আশুতোষ গাইন (২৪)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙা গ্রামের আনন্দ মোহন গাইনের ছেলে।
ওসি মাজরিহা আরও জানান, আশুতোষ গাইন গত ৭ সেপ্টেম্বর এ বন্দর দিয়ে ভ্রমণ ভিসায় পাসপোর্টে ভারতে যান।
রবিবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি দেশে ফেরার উদ্দেশ্যে ঘোজাডাঙার ইছামতী পার্কিংয়ের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। বাংলাদেশি প্রাণ জুস রপ্তানিকারক একটি কাভার্ডভ্যান তাকেসহ দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আশুতোষের লাশ দেশে আনার চেষ্টা চলছে।
