মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক বাবা-ছেলে র‍্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৫:৩৪ পিএম

২০১৬ সালের টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানার চাঞ্চল্যকর তাছলিমা আক্তার (২৭) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তাছলিমার স্বামী জহুরুল ইসলামকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে এবং জহুরুলের বাবা মজনুকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নুরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এ ব্যাপারে র‍্যাব-১৪'র কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন যাবৎ পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মজনু এবং তার ছেলে জহুরুলকে নারায়ণগঞ্জ থেকে সোমবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে গ্রেপ্তার করে। তাদেরকে ভুঞাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ নভেম্বর ভিকটিম তাছলিমাকে আসামিরা যমুনা নদীতে চুবিয়ে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়। পরবর্তীতে এই মামলার সাক্ষ্য প্রমাণ শেষে ও আসামিদের স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকাররোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে স্বামী জহুরুল ইসলাম ও শ্বশুর মজনুর বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ৩১ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামিদের মৃত্যুদণ্ড দেয়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত