মুণ্ডা পরিবারের ওপর হামলার ঘটনায় বেবী পারভীন (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। তিনি স্থানীয় মুন্সিগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ গাজীর স্ত্রী।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা গ্রামের নিজ বাড়ি থেকে সোমবার (৫ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, জমি দখলে বাধার মুখে হামলার শিকার হওয়ার অভিযোগে আব্দুর রশিদ, তার স্ত্রী বেবী এবং দুই পুত্র রাজা ও খলিফাসহ ৫ জনের বিরুদ্ধে অসিত কুমার মুণ্ডা শ্যামনগর থানায় মামলা করেন।
অসিত কুমার মুণ্ডা জানান, তাদের প্রায় ১৬ শতাংশ জমির দখল নিয়ে শনিবার (৩ ডিসেম্বর) রাতে আব্দুর রশিদের পরিবারের সদস্যরা তার বাড়িতে হামলা করে। হামলায় বেবীর হামলায় আহত হন মুণ্ডা নারীরা। এ সময় হামলার শিকার মুণ্ডা পরিবারের ৬ সদস্য আহত হলেও তার বৃদ্ধ মা আনার মনি, স্ত্রী আরতিসহ অসিতকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওসি মো. নুরুল ইসলাম বাদল আরও জানান, মুণ্ডা পরিবারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ৪ নম্বর আসামি এক নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
