বগুড়া জেলা ছাত্রলীগের নবঘোষিত কমিটির নেতাদের ওপর পদবঞ্চিতদের হামলার ঘটনায় সংগঠনটির একাংশের ১৭ জনের নাম উল্লেখসহ ৫২ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। গত রবিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বাদী হয়ে এ মামলা করেন। অপরদিকে এই হামলাকে কেন্দ্র করে পৌর কমিটির সভাপতি সঞ্জিত কুমার দাস ও গাবতলী উপজেলার সাধারণ সম্পাদক আবদুল গফুর বিপ্লবকে অব্যাহতি দেওয়া হয়েছে সংগঠন থেকে। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা।
এজাহার সূত্রে জানা যায়, মামলায় নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমানকে ১ ও ২ নম্বর আসামি করা হয়েছে।
গত শনিবার রাতে নবগঠিত কমিটির সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জয় বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে পদবঞ্চিত ২০-২৫ জন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং কয়েকজনকে গুরুতর আহত করে।
