ঘুষ লেনদেন ও অর্থ পাচারের মামলায় আট বছরের কারাদন্ডপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত কর্মকর্তা খন্দকার এনামুল বাছিরকে হাইকোর্টের দেওয়া জামিন সর্বোচ্চ আদালতে বহাল রয়েছে। জামিনের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) গতকাল সোমবার খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ।
এখন বাছিরের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী।
গত ১৭ নভেম্বর হাইকোর্টের একটি একক বেঞ্চ বাছিরকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেয়। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে দুদক। ২২ নভেম্বর চেম্বার আদালত জামিন স্থগিত করে ৫ ডিসেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ধার্য করে। এর ধারাবাহিকতায় এটি শুনানির পর্যায়ে আসে।
