আরও বড় বাজেট, চিত্রনাট্যে চমক! রাজমৌলির পরের ছবির নায়ক কে জানেন?

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৯:০৭ এএম

তার ছবি মানেই বড় এক চমক। বাহুবলী সিরিজ দিয়ে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন এস এস রাজামৌলি। রামচরণ এবং জুনিয়র এনটিআর-এর সঙ্গে 'আরআরআর'-এর মতো ছবি রাজামৌলির থেকে দর্শকের প্রত্যাশা আরও বহু গুণ বাড়িয়েছে। তাই এবার আরও বড় করে ভাবছেন পরিচালক। বিপুল আয়োজনের কি আর শেষ আছে!

শোনা যাচ্ছে, পরের ছবিটি তার এ পর্যন্ত বানানো সব ছবিকে ছাপিয়ে যাবে। বাজেটের দিক থেকে তো বটেই, চিত্রনাট্যের চমকও অন্য মাত্রার। তবে যে কারণে হইচই, তা হলো, নায়ক নির্বাচন। এবার রাজামৌলির ছবিতে পর্দায় দেখা যাবে মহেশ বাবুকে!

দক্ষিণের এক প্রতিবেদন জানায়, হলিউডভিত্তিক এক বড় প্রযোজনা সংস্থা তাদের ওটিটি এবং ভিএফএক্স-এর পরিকাঠামোসহ এই ছবির সঙ্গে যুক্ত থাকবে। এছাড়াও রাজামৌলি নিজেও প্রযোজক হিসাবে অংশীদার থাকবেন বলে জানা গেছে। ছবির মুনাফাও তাই ভাগাভাগি হবে।

তবে মহেশ বাবু নাকি তার পারিশ্রমিকের অঙ্কটা কমিয়েছেন। তার দাবি, ছবি যখন লাভ করবে সেই থেকে বাকি টাকা নেবেন। কিন্তু হলিউডভিত্তিক প্রযোজনা সংস্থা যুক্ত থাকায় তেমন নিয়ম খাটবে কি না তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে।

সদ্যই মারা গেছেন মহেশ বাবুর বাবা। সম্প্রতি তার বাবা সুপারস্টার কৃষ্ণা মারা যাওয়ার কারণে একটি বড় ধাক্কা খেয়েছিলেন। আবার তাকে কাজে ফিরতে দেখে খুশির হাওয়া দক্ষিণে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই নিজের নতুন লুক শেয়ার করেছেন তিনি।

শোনা যাচ্ছে, এস এস রাজামৌলিকে চাইছেন খোদ মার্ভেল সংস্থার কর্ণধার কেভিন ফিইজ। প্রস্তাব দিয়েই চলেছেন 'আরআরআর'-এর পরিচালককে। কী করবেন দক্ষিণী পরিচালক? জানালেন সিদ্ধান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, 'হলিউড থেকে প্রচুর প্রস্তাব পাচ্ছি। কিন্তু বর্তমানে মহেশ বাবুর সঙ্গে একটি কাজের চুক্তিতে রয়েছি। তিনি বড় মাপের তেলুগু তারকা। তার সঙ্গে ছবিটি আগে শেষ করি, তার পর অন্য কথা।' সূত্র : টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত