ছাত্রলীগের সম্মেলন মঞ্চে প্রধানমন্ত্রী (ভিডিও)

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১১:৪৫ এএম

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান তিনি।

এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সোহরাওয়ার্দীর মাঠ।

এরপর জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সম্মেলনস্থলে বসে নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা প্রদর্শন করেন।

এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা।

মুহূর্তের মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, রমনা কালী মন্দির গেট, দোয়েল চত্বর ভরে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একের পর এক মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন বিভিন্ন হলের নেতারা। বিভিন্ন রংয়ের পোশাক পড়ে খণ্ড খণ্ড মিছিল আর ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মেতেছেন নেতাকর্মীরা। বিভিন্ন রঙের শাড়ি পড়ে মেয়েরাও হলগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসছেন।

এর আগে ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ১০ ও ১১ মে। তারপর নানা ঘটনা পরিক্রমায় চার বছর সাত মাস পর অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত