দক্ষিণের ওয়েব সিরিজ দেখায় দুই কিশোরকে গুলি করে হত্যা উত্তর কোরিয়ায়!

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৫:৪৩ পিএম

প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার ওয়েব সিরিজ দেখার অপরাধে দুই কিশোরকে প্রকাশ্যে দাঁড় করিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠল উত্তর কোরিয়ার বিরুদ্ধে।

রেডিও ফ্রি এশিয়া-র প্রতিবেদন অনুযায়ী, ওই দুই কিশোর স্কুলশিক্ষার্থী। বয়স ১৫-১৬। ‘দ্য ইনডিপেনডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি গত অক্টোবর মাসের। তবে এত দিন গোপন থাকার পর এবার প্রকাশ্যে এসেছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন যে, দুই কিশোরের ওয়েব সিরিজ দেখার ঘটনা প্রকাশ্যে আসার পরই তাদের গ্রেফতার করা হয়। তার পর হেসন শহরের একটি মাঠে তাদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।

দুই কিশোর উত্তর কোরিয়ার হেসন শহরের বাসিন্দা। শহরেরই ওই প্রত্যক্ষদর্শীর দাবি, প্রথমে কিম জং উন তার কর্মকর্তাদের শহরে পাঠান। শহরের মাঝে একটি বিশাল মাঠ রয়েছে। সেখানে শহরবাসীদের আসার জন্য নির্দেশ দেওয়া হয়। তখনও কেউ জানতেন না কী ঘটতে চলেছে। শহরবাসীরা ওই মাঠে ভিড় জমান।

এরপর তারা দেখেন মাঠের মাঝে দুই কিশোরকে দাঁড় করানো হয়েছে। তাদের দিকে বন্দুক তাক করা। তার পর সকলের সামনেই দুই কিশোরকে গুলি করে হত্যা করা হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, দুই কিশোরের বিরুদ্ধে উত্তর কোরিয়ায় নিষিদ্ধ ছবিও অন্যদের কাছে পাঠানোর অভিযোগ উঠেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত