প্রলোভন দেখিয়ে 'যৌন সম্পর্ক': সেই জাবি শিক্ষকের অপসারণ দাবি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৬:৪২ পিএম

শিক্ষার্থীদের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপনে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের একটি অংশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এ মানববন্ধন করা হয়।

সম্প্রতি মাহমুদুর রহমানের বেশকিছু ‘আপত্তিকর’ ছবি ও মেসেঞ্জার আলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে একাধিক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি উঠে আসে। এদিকে ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে একজনকে জোরপূর্বক গর্ভপাত করাতে বলতে শোনা যায় তাকে। মাহমুদুর রহমানের সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকা শিক্ষার্থীদের একজন কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এই মাহমুদুর রহমান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্বেও রয়েছেন।

এর আগে, মাহমুদুর রহমানের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের তদন্ত ও সাময়িক বরখাস্তের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও বামপন্থি শিক্ষকরা।

মানববন্ধন চলাকালে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ন্যাক্কারজনক এই ঘটনাকে অনেক প্রভাবশালী শিক্ষক ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্ত, সত্য কখনও চাপা থাকে না। মাহমুদুর রহমান যে অনৈতিক কাজ করেছে, এটা সবার কাছেই স্পষ্ট।’

এ সময় ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, ‘ছাত্রীদের প্রলুব্ধ করে অনৈতিক সম্পর্ক ও যৌন নিপীড়ন চালিয়েছে এই শিক্ষক। এতে বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধির ২(ঘ), ৩(জ) এবং ৪(ঘ) ধারা মোতাবেক ‘নৈতিকস্খলন ও অসদাচরণ’ সংগঠিত হয়েছে। প্রশাসনিক পৃষ্ঠপোষকতা ছাড়া এই ঘৃণ্য অপকর্ম সম্ভব না।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আবু সাঈদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত