অঘটন আর অবিশ্বাস্য একেকটি জয়। বড় দলগুলোর চোখের জল নাকের জল এক করে ছেড়েছিল তথাকথিত ছোটো দলগুলো। সঙ্গে সব মহাদেশের অন্তত একটি দল প্রতিনিধিত্ব করেছে শেষ ষোলোয়। যা আগে কখনই হয়নি। যা নজ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরও। তাই কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বকে ‘সর্বকালের সেরা’ বলে অভিহিত করেছেন তিনি।
গ্রুপ পর্বে জার্মানি ও স্পেনের মতো সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল জাপান। হয়েছিল চার দলের সেরা। এমনকি নকআউট পর্বের জন্য রীতিমতো লড়াই করতে হয়েছে অনেককে। শেষ ম্যাচ না জিতলে বিদায় নিশ্চিত হতো অনেকের। আবার কেউ শেষ ম্যাচ জিতেও নিয়েছে বিদায়, অন্যরা আবার হেরে এসেছে পরের পর্বে।
এমনসব নাটকীয়তা দেখে ফিফা সভাপতি বলেছেন, ‘আমি সবগুলো ম্যাচ দেখেছি। খুব সহজভাবে ও স্পষ্টভাবে বললে, কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব সর্বকালের সেরা। যা টুর্নামেন্টের বাকি পর্বের জন্যও খুব আশা আশাব্যঞ্জক।’
তিনি যোগ করেন, ‘এখানে আর ছোটো বা বড় দল বলে আলাদা কিছু নেই। এই স্তরে সবাই সমান। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সব মহাদেশের জাতীয় দল নক-আউট পর্বে খেলছে। যা সত্যিই ফুটবলের এই টুর্নামেন্টকে বিশ্বব্যাপী করে তুলেছে।’
