বলের দখল প্রায় সমানে সমান। আক্রমণ পাল্টা আক্রমণেও পিছিয়ে নেই কেউ কারও চেয়ে। তবে তাতে গোল নামক সোনার হরিণের দেখা পায়নি কোনো দল। ফলে কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-ক্রোয়েশিয়া লড়াইয়ের প্রথমার্ধটা হয়েছে গোল শূন্য।
ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে চাপের রাখা চেষ্টা করেছে ক্রোয়েশিয়া। নেইমারদের খেলার জন্য একটুও খোলা জায়গা দিতে দেখা যায়নি তাদের। ম্যাচের ১৩ মিনিটে প্রতি আক্রমণে গোলের চেষ্টা করেছিল ক্রোয়েশিয়া। ডান দিক থেকে ক্রস করেছিলেন মদ্রিচ। কিন্তু ক্রসে পা ঠেকাতে পারলেন না পেরিসিচ।
সাত মিনিট পর অতি রক্ষ্মণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে ক্রোয়েশিয়া। ব্রাজিলের কোনো ফুটবলার বল ধরলেই ঘিরে ফেলছেন তিন-চার জন। তবে ব্রাজিলের ফুটবলাররা বল তাড়া করেই চলেছিলেন। তবে ২২ মিনিটের সময় পর পর দুটি আক্রমণ করেছিল ব্রাজিল। প্রথমে ভিনিসিয়াস তার পর নেইমার। কিন্তু ক্রোয়েশিয়ার রক্ষণ তা ঠেকিয়ে দেয়।
খেলার সময় যখন ৩২ মিনিট, নেইমারকে তখন আটকানোর মরিয়া চেষ্টা করতে দেখা যায় ক্রোয়েশিয়ানদের। তবে ফাউল করতে দেখা যায় বার বার। বাঁ দিকে ভিনিসিয়াসও গোলের দেখা পাননি। ৪২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রকে বক্সের সামান্য বাইরে ফ্রিকিক করা হয়। নেইমারের পাস বিপক্ষ ফুটবলারের গায়ে লেগে হালকা ঘুরে গেলেও জমা পড়ল গোলকিপারের হাতে। ফলে সেই সুযোগটাও ভেস্তে যায়।
এভাবে একাধিক সুযোগ পাওয়া ব্রাজিল ক্রোয়েশিয়ার লড়াইয়ের প্রথমার্ধ থাকে গোল শূন্য। একটু পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে।
