নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাতে রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাসেল ওরফে এবাদুল্লাহ (৩৫) ও রমজান (২৮)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চর এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে হত্যার পরিকল্পনা অনুযায়ী গত ৩ ডিসেম্বর বিকেলে মির্জারচর ইউনিয়নের শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেঘনার পাড়ে বেড়িবাঁধের অগ্রগতিবিষয়ক সভা শেষে ফেরার পথে জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের স্ত্রী মাহফুজা আক্তার ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা করেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রমজান এবং রাসেল ওরফে এবাদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এসময় রমজানের কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৬টি গুলি এবং রাসেল ওরফে এবাদুল্লাহর কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৪টি গুলি জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা চেয়ারম্যান মানিককে হত্যায় সরাসরি জড়িত ছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এর আগে এই মামলায় শান্তিপুর এলাকার মহরম আলী ও বালুচর এলাকার মো. আব্দুল্লাহ নামে দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
