মোলিনার গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০১:৫৪ এএম

প্রায় ৩০ গজ দূরে বল ধরেন মেসি। ঘাড়ের কাছে চার জন ডিফেন্ডারকে নিয়ে সামনের দিকে এগোন। তার পর কোনাকুনি করে বল বাড়ান বক্সে থাকা মোলিনার দিকে। বল ধরে গোলরক্ষকের ডান দিক থেকে বল নেদারল্যান্ডসের জালে জড়িয়ে দেন মোলিনা। খেলার ৩৪ মিনিটে এগিয়ে গিয়ে উচ্ছাস প্রকাশ করে আর্জেন্টিনা। সেই গোলে এগিয়ে থেকেই বিরতি যায় দুই দল।

লুসাইল স্টেডিয়ামে ডি মারিয়াকে ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে তার অভাব বুঝতে দেননি লিওনেল মেসিরা। খেলার শুরু থেকেই চলছিল আক্রমণ-প্রতি আক্রমণ। দুই দলই রক্ষণ মজবুত রেখে আক্রমণে ওঠার চেষ্টা করছিল। তবে ছোটো ছোটো পাস দেখে যেন টিকিটাকার আভাস দেয় তারা।।

বল নিজেদের দখলে রাখার মরিয়া চেষ্টা করে দুই দল। নেদারল্যান্ডস দুই প্রান্ত ব্যবহার করে আক্রমণে উঠছে। প্রথম ২০ মিনিটে দুই বার আর্জেন্টিনার বক্সে ঢুকতে পেরেছেন মেম্ফিস ডিপে, কডি গাকপোরা। উভয় দলই খেলা তৈরি করেছে নিজেদের রক্ষণ থেকে। নিজেদের মধ্যে ছোট ছোট পাসে বলের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। তার পরে আক্রমণে উঠছে তারা।

কিন্তু প্রতিপক্ষের রক্ষণ জমাট থাকায় গোলের সুযোগ কেবল আর্জেন্টিনাই তৈরি করতে পেরেছে। ফলে ম্যাচের প্রথমার্ধটা কেবল তাদেরই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত