প্রথম দুই ম্যাচ জেতায় সিরিজ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এবার ভারতকে হোয়াইটওয়াশ করার মিশন। সেই মিশনে দুই পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে স্বাগতিকরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। বেলা ১২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল না থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। অন্যদিকে ভারত দলেও নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা নেই। চোটে ছিটকে গেছেন তিনি। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল।
বাংলাদেশ এই ম্যাচ খেলতে নেমেছে দুই পরিবর্তন নিয়ে। চোট কাটিয়ে সিরিজের প্রথমবার একাদশে ঢুকেছেন তাসকিন আহমেদ। সঙ্গে আছেন ইয়াসির আলী চৌধুরী। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।
ভারত দলেও দুটি পরিবর্তন দুটি। চোটের কারণে রোহিত শর্মা ও দীপক চাহার ছিটকে যাওয়ায় একাদশে এসেছেন ঈশান কিষাণ ও কুলদীপ যাদব।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।
ভারত একাদশ
ঈশান কিষাণ, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।
