বাহুবলে ফুটবল বিশ্বকাপ উন্মাদনার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক আর্জেন্টিনা সমর্থকের বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১টায় বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর গ্রামে।
নিহত শাহ মো. আব্দুস সহিদ (৫৫) উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ব্রাজিল দল ক্রোয়েশিয়ার কাছে হেরে গেলে আর্জেন্টিনা সমর্থকেরা আদিত্যপুর গ্রামে আনন্দ-মিছিল বের করে।
মিছিল চলাকালে শাহ মো. আব্দুস সহিদের ছেলে আর্জেন্টিনা সমর্থক শাহ মো. রোকন মিয়ার সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজিব মিয়ার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জের ধরে শনিবার সকাল ১১টার দিকে হাওর থেকে ফেরার পথে আর্জেন্টিনা সমর্থক রোকনের বাবা শাহ মো. আব্দুস সহিদকে একা পেয়ে টেনু মিয়ার লোকজন অতর্কিত হামলা চালায়।
একপর্যায়ে প্রতিপক্ষের ফিকলের আঘাতে মারাত্মক আহত হন শাহ মো. আব্দুস সহিদ। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, শুক্রবার রাতে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মাঝে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে সকালে আব্দুস সহিদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সহিদ মৃত্যুবরণ করেন।
ঘটনার সঙ্গে জড়িতের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
