জোৎস্না রাতে সাদা পোশাকে সমুদ্রযাপনে জাহ্নবী

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০১:২৪ পিএম

চাঁদনি রাতে সাদা পোশাকে মোহময়ী জাহ্নবী কাপুর। তার বুকের অনেকখানি খোলা অংশে আলো পিছলে যাচ্ছে। কানে আশমানি দুল। চুলে ঢেউ। বসে আছেন ঝুলবারান্দায়, পেছনে সমুদ্র। দূরে আলোর বিন্দু এসে জমা হয়েছে। সামনে ঝলসে উঠছেন অভিনেত্রী।

শনিবার রাতে ছবিটি পোস্ট করেন জাহ্নবী নিজেই। ছবির নিচে লেখা, 'ফিকে হয়ে আসা চাঁদের আলোয় আমার সঙ্গে দেখা কর।' সঙ্গে আরও একটি ছবি, যেখানে হলুদ পোশাকে আবেদন ছড়িয়েছেন নায়িকা। সমুদ্রের দিকে এগিয়ে চলেছেন পায়ে পায়ে। জ্যোৎস্নায় মাখামাখি আকাশ এসে ছড়িয়ে গিয়েছে সমুদ্রের নীলে। সে ছবি সন্ধ্যায় তোলা। কিন্তু অপরূপ ছবিগুলো তুলছেন কে? সেলফি তো নয়! জল্পনা চলছিল বেশ ক'দিন ধরেই। দুইয়ে দুইয়ে চার করে ফেললেন অনুরাগীরা। যা প্রকাশ্যে আসতেই চমকে উঠলেন একাংশ।

সপ্তাহের শুরুতে ছুটি কাটাতে মালদ্বীপ যান শ্রীদেবীকন্যা। উপভোগ করছেন মধুর সফর। বৃহস্পতিবার থেকে তার রংবেরঙের অনেক ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সব কটিই সমুদ্রযাপনের। একাই রয়েছেন জাহ্নবী সব ফ্রেমে। সেই দেখে প্রাথমিক অনুমান ছিল, একাই গিয়েছেন অভিনেত্রী। কিন্তু চিত্রগ্রাহক যে সঙ্গেই রয়েছেন সে তো আর বলে দিতে হয় না।

শনিবার রাতে জাহ্নবী ছাড়াও ছবিগুলো পোস্ট করেছিলেন আরও একজন। তিনি শিখর পাহাড়িয়া! যার সঙ্গে অভিনেত্রী আগে প্রেমের সম্পর্কে ছিলেন বলে গুজব রটেছিল। তার সঙ্গেই কি মালদ্বীপে রয়েছেন জাহ্নবী? দেখা যায়, জাহ্নবীর পোস্টের নিচেও মন্তব্য করেছেন শিখর, 'মুন স্পিরিট'। দুজনের একই পোস্ট দেখে এখন জল্পনা তুঙ্গে।

ইতিমধ্যেই ওরহান অবত্রমানীর সঙ্গে নাম জড়িয়েছে শ্রীদেবী-তনয়ার। তারা যে প্রেম করছিলেন, সে বিষয়ে প্রায় নিশ্চিত ছিলেন অনুরাগীরা। কিন্তু সম্প্রতি সেই গুজব উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানান, তারা বহু বছর ধরে কাছের বন্ধু। ওরির সাহচর্যে শান্তি পান। এতে প্রেমের কোনো আভাস নেই। তা হলে কি শিখরেই ফিরলেন আবার? জাহ্নবীর রহস্যময় সফর ফের উসকে দিল আলোচনা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত