বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র: ইনু

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০৩:১৫ পিএম

বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।

রোববার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। 

তিনি আরও বলেন, বিএনপির ১০ দফা হলো দুর্নীতিবাজ, চিহ্নিত জঙ্গি ও রাজাকারদের মুক্তি আবদারের দলিল। এই ১০ দফা মিথ্যার দলিল, চক্রান্তের ও অপরাধীদের রক্ষার দলিল। 

বিএনপির ১০ দফাকে প্রত্যাখান করে হাসানুল হক ইনু বলেন, এই ১০ দফা দিয়ে বিএনপি আরেকবার প্রমাণ করলো তারা দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়। অস্বাভাবিক সরকার গঠনের রাজনীতিতেই থেকে গেল তারা। কোন আদালতই তারা মানেন না। 

ইনু বলেন, বিএনপি যাদের আলেম বলছে তারা কেউই আলেম নন, আলেম হবার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা কারাগারে আছে তারা, নারী ধর্ষণকারী, জঙ্গি সন্ত্রাসী ও খুনি।

অর্থপাচার নিয়ে ১০ দফায় যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হাস্যকর উল্লেখ্য করে তিনি বলেন, তারা ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে অর্থপাচার করেছেন। যার একটি অংশ ইতিমধ্যেই দেশে ফেরত এসেছে বলে জানান তিনি। 

জাসদের সভাপতি বলেন, বিএনপির ১০ দফায় বর্তমান বৈশ্বিক সংকট নিয়ে কিছুই বলা হয়নি। তাদের কাছে সবই সম্ভব, এতো সমালোচনার পরও তাদের বগলে জামায়াত যুদ্ধাপরাধীরা।

এসময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত